ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল আবার শুরু রয়েছে। শনিবার রাত আড়াইটা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা হালকা হওয়ার পর মাঝ পদ্মায় নোঙর করে থাকা ৮টি ফেরি গন্তব্যে রওনা দিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ পদ্মায় নোঙর করে থাকা ৮টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে গন্তব্যে রওনা হয়েছে।
জানা গেছে, বর্তমানে ঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ঘন কুয়াশার কারণে ফেরিচালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পারার ফলে ফেরি চলাচল বন্ধ রাখে। তবে বর্তমানে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।








