মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, রহমত ও মাগফেরাত কামনার মধ্য দিয়ে রাজবাড়ীতে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় শুরু হওয়া আখেরি মোনাজাত শেষ হয় বেলা সাড়ে ১১টার দিকে। আখেরি মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলার চর কমলাপুর মাদ্রাসার মুহাদেস মাওলানা হাবিবুর রহমান।
আখেরি মোনাজাতে শরিক হন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি। রাজবাড়ী জেলা ও আশেপাশের জেলার মুসল্লিরাও এতে অংশ নেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নে যুব উন্নয়ন অধিদফতর ভবনের পূর্ব পাশে ২২ একর আয়তনের ময়দানে মুসল্লিদের ঢল নামে। ময়দানে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখা যায়। জেলা ইজতেমার ময়দান ও আশপাশের এলাকাজুড়ে লাগানো মাইকের মাধ্যমে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে সব জায়গায়। নারী-পুরুষ-শিশুসহ সব বয়সের মানুষ মোনাজাতে অংশ নিতে ইজতেমা এলাকায় পৌঁছান। আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা আবার নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জেলা ইজতেমার সমাপ্তি হলো।








