কিশোরগঞ্জে সরকারি তহবিল থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে দুদক। সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামের পর এবার জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে নিরীক্ষক সৈয়দুজ্জামান ও অফিস সহায়ক মো. দুলাল মিয়াকে গ্রেফতার করেছে দুদক। বিকেল তিনটার দিকে হিসাব রক্ষণ কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তাসহ ঢাকা থেকে আসা তিন সদস্যের দুদকের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
তাদের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুলকে টাকার বিনিময়ে অর্থ আত্মসাতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে এ মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি সেতাফুল ইসলাম গত শুক্রবার কিশোরগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে তিনি জেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকে আত্মসাতের টাকা থেকে বিভিন্ন অংকের টাকা দিয়েছেন বলে জানিয়েছেন।
গত ১৭ জানুয়ারি সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর থেকে সেতাফুলকে আটক করেছিল দুদক। এ ঘটনায় একই দিন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে সেতাফুলকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ২৯ জানুয়ারি তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় দুদক। রিমান্ডের চার দিনের মাথায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হচ্ছে।’
আরও পড়ুন: বান্দরবানে নতুন ভিউ পয়েন্ট অস্তাচলের উদ্বোধন








