মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় হাসেম মোল্লার (৪২) খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার বিকালে উপজেলার বাঘুলী বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- স্থানীয় চান্দহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন, নিহত হাসেমের দুই চাচা শুকুর মোল্লা ও জাকির মোল্লা এবং ছেলে শামীম মোল্লা প্রমুখ। বক্তারা অবিলম্বে অন্যান্য আসামিদের গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাট্যাংরা গ্রামে হাসেম মোল্লার ইটভাটার ওপর দিয়ে মাটি নেওয়ার জন্য রাস্তা তৈরির চেষ্টা করেন পাশের বাঘুলী গ্রামের আনোয়ার হোসেন। গত শুক্রবার সকালে ভাটার ওপর দিয়ে রাস্তা তৈরির সময় বাধা দেন হাসেম। এতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এর জেরে ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে সোনাট্যাংরা গ্রামে হাসেমের ইটবাহী একটি ট্রাক আটক করে আনোয়ার ও তার লোকজন।
খবর পেয়ে হাসেম তার লোকজন নিয়ে সেখানে গেলে উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আনোয়ারের লোকজন হাসেমকে ছুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক হাসেমকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই নিহতের স্ত্রী শাবানা বেগম বাদি হয়ে আনোয়ার হোসেন ও তার ভাই গফুর হোসেনসহ থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এবং সিঙ্গাইর থানার বাঘুলী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’








