গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর এক হাজতি মারা গেছেন। তার নাম রবিউল (৪৫)। বৃহস্পতিবার (১ মার্চ) ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রবিউল কুমিল্লার মেঘনা থানার মাইনকারচর এলাকার আবুল খায়েরের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার তারিকুল ইসলাম জানান, ঢাকার খিলগাঁও থানার একটি মাদক দ্রব্য আইনে দায়ের মামলার আসামি রবিউল (৪৫) এই কারাগারে হাজতবাস করছিলেন। বুধবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। তিনি টিবি রোগে ভুগছিলেন। ঢাকার খিলগাঁও থানার মাদক মামলার আসামি রবিউলকে গত ৭ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-২ তে স্থানান্তর করা হয়।








