মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে শিশু ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শিশু ওয়ার্ডসহ দ্বিতীয় ও তৃতীয় তলায় ভর্তি হওয়া রোগীরা ছোটাছুটি শুরু করে হাসপাতালের বাইরে চলে আসে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে এ সময় আহত হয় পাঁচ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস হাসপাতালের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়। পরে, প্রাথমিকভাবে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের ধারণা, শর্টসার্কিটের মাধ্যমে স্টোর রুমে রাখা কম্বল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেখান থেকে আগুনের ধোঁয়া বের হয়।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই ) মো. হাসান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তবে, বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।








