নারায়ণগঞ্জে জাহাজে ডাকাতির ঘটনায় তিন নৌ-ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকার সাভারের কাউন্দিয়ার তুরাগ নদীর পশ্চিম পাড়ের ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর প্রধান কার্যালয়ের সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. মন্টু (২৮), লিয়াকত (৪৩), শাহীন (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এএসপি শেখ বিল্লাল হোসেন জানান, নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে নোঙর করে থাকা একটি জাহাজে নৌ-ডাকাত দল বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। তারা জাহাজের মাস্টারসহ অন্যদের মারধর করে এবং জাহাজের কর্মচারীদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন, জাহাজের বিপুল পরিমাণ তেল, রেফ্রিজারেটর, ওয়াল ফ্যান, খাবার সামগ্রীসহ আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে জাহাজের মাস্টারসহ কয়েকজন গুরুতর ভাবে আহতও হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জাহাজের মালিক পক্ষ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে ডাকতদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাতরা ডাকাতির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








