রাজবাড়ীর পাংশায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১১মার্চ) সকালে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া গ্রাম থেকে পুলিশ তাদের লাশ দু’টি উদ্ধার করে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গৃহবধু ঝর্ণা বেগম (৪০) ও স্বামী দেলবর আলী (৫০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অনেকদিন ধরেই দেলবর ও ঝর্ণার মধ্যে কথা কাটাকাটি চলছিল। রবিবার সকালে তাদের মেয়ে রাবেয়া ঘুম থেকে উঠে সে তার বাবা-মাকে ডাকাডাকি করলে ঘরের দরজা না খোলায় সে জানালা দিয়ে উঁকি দেয়। এসময় সে তার বাবা মায়ের মরদেহ দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি জানান, নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।








