গাজীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- এসিআই কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান, কর্মকর্তা ফরিদুল হক এবং চালক রুবেল হোসেন। তারা সবাই এসিআই গ্রুপের শ্রীপুরের মুলাইদ এলাকার প্রিমিয়া ফ্ল্যাক্স প্লাস্টিক কারখানার কর্মকর্তা-কর্মচারী।
এসআই নাজমুল হক জানান, মহাসড়কের হোতাপাড়া এলাকায় শ্রীপুরের মাওনাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাস চালকসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার শিকার মাইক্রোবাস ও ট্রাকটি আটক করা হয়েছে।








