স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জাতীয় যে কোনও সংকটময় মুহূর্তে আনসার ব্যাটালিয়ানরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে। এছাড়াও জাতীয় ও স্থানীয় নির্বাচন, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণস্থানে নিরাপত্তা এবং দায়িত্ব পালনে আনসার সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।’ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে নবগঠিত ৩৮ আনসার ব্যাটিলিয়ানের ‘ফ্ল্যাগ রেইজিং’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘২৯ তারিখে বিএনপির সমাবেশের অনুমতি কেনো দেওয়া হয়নি সেটা আমার জানা নেই। সে বিষয়ে ঢাকার পুলিশ কমিশনার ভালও বলতে পারবেন।
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘২৯ মার্চ হয়তো কোনও অসুবিধা ছিল। তাই পুলিশ প্রশাসন বিএনপির সমাবেশের অনুমতি দেয়নি। কারণ পুলিশ কমিশনারের দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা, যানজট যাতে না হয় সেগুলো দেখাশুনা করা।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারা অন্য যে কোন দিন চাইলে (সমাবেশের) অনুমতি দেয়া হবে। জাতীয় পার্টি ঢাকায় বিশাল সমাবেশ করেছে। অন্য পার্টিরাও সমাবেশ করছে। ’
মানিকগঞ্জে নবগঠিত ৩৮ আনসার ব্যাটিলিয়ানের ’ফ্ল্যাগ রেইজিং’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল পাশা হাবীব উদ্দিন, অরিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার নুরুল আলম, মানিকগঞ্জের জেলা প্রশাসক মো.নাজমুছ সাদাত সেলিম,পুলিশ সুপার রিফাত রহমান শামীম, ব্যাটালিয়ন কমান্ডার ড. মো.সাইফুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদে চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন প্রমুখ।
আরও পড়ুন: চার বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, স্বীকারোক্তি








