বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের নেতারা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এরইমধ্যে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন। খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। মেডিক্যাল বোর্ড যদি মনে করেন দেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব তাহলে দেশেই চিকিৎসা করা হবে। আর যদি মেডিক্যাল বোর্ড মনে করেন দেশে চিকিৎসা হবে না তাহলে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।’
বিএনপি ক্ষমতায় থাকতে দেশে নীল নকশার নির্বাচন করতে চেয়েছিল তবে আওয়ামী লীগ কখনও নীল নকশার নির্বাচন করে না উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী রোজার ঈদের আগে টাঙ্গাইল-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের কাজ শেষ হবে। সড়কে যানজট হবে না।’
এদিকে মন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার দুপুরের দিকে মহাসড়কে শোডাউন ও মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নয়, মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় কাজে এসেছি।’ তাই কেউ যেন শোডাউন না করে সেজন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।








