সাভারে বাকপ্রতিবন্ধী (২৭) এক নারীকে ধর্ষণের অভিযোগে রুস্তম আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় নির্যাতিতার ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার ভোরে সাভারের ভাকুর্তা এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্যাতিতার পারিবারিক সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী ওই নারী সোমবার ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বইরে বের হয়। এসময় আগে থেকে উৎ পেতে থাকা বখাটে যুবকরা ওই নারীর মুখ বেঁধে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে নির্যাতন করে। পরে বখাটেরা ওই নারীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে নির্যাতিতার ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এক বখাটে যুবককে আটক করে থানায় নিয়ে গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন,‘নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ভারতীয় হাইকমিশনারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন








