শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক, তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও প্রশ্ন ফাঁসের অপসংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমরা নিজেদের দেশের সুনাগরিক হিসেবে গড়ো।’
শুক্রবার (৬ এপ্রিল) সকাল ১১টায় সাভারে এক অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মন্ত্রী এই সময় শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘বছরের প্রথম দিন বই গ্রহণ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ অন্যান্য যে সুবিধা দেওয়া হচ্ছে আমরা পুনরায় ক্ষমতায় এলে এসব চালু থাকবে। আর দুর্নীতিবাজ অপশক্তি, যারা শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে না; সেই বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে এসব সুবিধা বন্ধ হয়ে যাবে।’ তাই যার যার অবস্থান থেকে এই কথাগুলো চিন্তা করে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
পরে মন্ত্রী ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ করেন।








