গাজীপুরে মনোয়ারা পারভীন (২৪) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে শ্রীপুর উপজেলার প্রশিকা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই গৃহবধূর স্বামী মোশার হোসেন সিয়াম (২৮) পলাতক রয়েছেন।
সিয়াম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাগুরা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তার স্ত্রী মনোয়ারা পারভীন শ্রীপুরের প্রশিকা মোড় এলাকার মনির হোসেনের মেয়ে।
নিহতের ছোট ভাই রমজান আলী জানান, তার বোনের স্বামী সিয়াম শ্রীপুরের প্রশিকা মোড় এলাকার প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেড কারখানায় অফিস সহায়ক পদে চাকরি করেন। গত সাত মাস আগে তার বড় বোনকে বিয়ে করে ঘরজামাই থাকতেন সিয়াম। তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার রাতের কোনও এক সময় ধারালো পেপার কাটার দিয়ে স্ত্রী মনোয়ারাকে গলাকেটে হত্যা করে সিয়াম। শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাদের ডাকাডাকি করে। সাড়া শব্দ না পেয়ে স্বজনেরা ঘরের পেছনের জানালা ভাঙা দেখতে পায়। সেখান দিয়ে ভেতরে ঢুকে বিছানায় মনোয়ারার লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








