নারায়ণগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা পর স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যে কোনও সময় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মীম আক্তার (২০) সুনামগঞ্জের ধর্মপাশা থানার হলুদাকান্দা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তার স্বামী রেজাউল করিম (২২) জামালপুর জেলার জামালউদ্দিনের ছেলে।
নিহত মীম আক্তারের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, তিন বছর আগে মীম ও রেজাউল করিম প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় বসবাস শুরু করে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-ঝাটি লেগে ছিল। এর জের ধরেই রেজাউল করিম মীমকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মো. শরফুদ্দীন জানান, পারিবারিক কলহের জের ধরে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যে কোনও সময় মীমকে ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার পর তার স্বামী নিজেও বিষপান করলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাড়ির লোকজন খবর দিয়ে পুলিশ গিয়ে মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে বিকেল ৩টার দিকে মীমের স্বামী রেজাউল করিম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
আরও পড়ুন: গৌরনদীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ : আহত ১১








