কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণার কারণে বিএনপি ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়েছে। এজন্য তারা এখন হতাশ। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (১৩ এপ্রিল) তিনি দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক একটি মতলবি মহল কোটা সংস্কার আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী ঘোষণা দিয়েছেন। তার ঘোষণায় কোটা আন্দোলন নিয়ে লন্ডনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’
ওবায়দুল কাদের জানান, কোটার বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত নিতে হলে বিদ্যমান ব্যবস্থাকে বাতিল করাই ছিল সময়োপযোগী পদক্ষেপ। প্রধানমন্ত্রী সেখানে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এজন্য কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করবে।
এর আগে সেতুমন্ত্রী ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম বাইপাস সড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা বাণিজ্যিক এলাকায় ২৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দুটি ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন।
তিনি জানান, উড়াল সেতু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ২.১৩ ও ১.৮৪ কিলোমিটার। চলতি বছরের শেষ নাগাদ কাজ সম্পন্ন হলে আর কোনও যানজট থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এ ব্যাপারে তিনি চালকদের আরও সহনশীল হওয়ার আহ্বান জানান। ফ্লাইওভারের কাজ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও স্থানীয় দলীয় নেতারা।








