নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকা থেকে এক নারীসহ জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- জান্নাতুল নাঈম মিতু (১৯), মেহেদী হাসিন মাসুদ(২২) ও আকবর হোসেন সুমন (৩০)।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র্যাব-১১ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কামরুল হাসান জানান, ফেসবুকের মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের তরুণী মিতুর পরিচয় হয় চট্টগ্রামের জেএমবি সদস্য মেহেদী হাসান মাসুদের সঙ্গে। এরপর মাসুদের মাধ্যমে পরিচয় হয় জেএমবির অপর সদস্য সুমনের সঙ্গে। মেহেদী ও সুমন ফেসবুকের মাধ্যমে মিতুকে উগ্রবাদী মতাদর্শে উদ্ভুদ্ধ করে তোলে। পরে মিতু তার স্বামী জুয়েলকে ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া শুরু করে। এরই ধারাবাহিকতায় মিতু গত ৩১ মার্চ দুই বছর বয়সী শিশু কন্যা রোজাকে নিয়ে স্বামীর ঘর ত্যাগ করে চট্টগ্রামে মেহেদী ও সুমনের কাছে চলে যায়। ২ এপ্রিল মিতুর স্বামী জুয়েল ও শ্বশুর নুরুল ইসলাম র্যাব-১১ কার্যালয়ে বিষয়টি জানালে র্যাব তদন্ত শুরু করে। পরে সত্যতা পাওয়ার পর মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় একটি মক্তবে মিলিত হলে সেখান থেকে র্যাব তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের সঙ্গে জেএমবির আরও বেশ কয়েকজন নারী সদস্যসহ কমপক্ষে ১৬ জন জঙ্গি সদস্যের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ব্যারের কাছে স্বীকার করেছে। র্যাব তাদেরকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে।








