গোপালগঞ্জের জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
জানা গেছে, সম্প্রতি একটি প্রতারক চক্র জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ০১৭১৫-১৬৮৪৯৮ ক্লোন করার পর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাক্তির কাছে ফোন আসে। এসময় তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়। ।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা বিভাগের অফিস সহকারী অপূর্ব বিশ্বাস জানান, জেলা প্রশাসকের সরকারী মোবাইল নম্বর থেকে তার কাছে ফোন আসে। এসময় তার কাছে টাকা চেয়ে বিকাশ নম্বর দিতে চায়। পরে তিনি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে স্যার তাকে ফোন করেননি।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, ‘আমার অফিসের কয়েকজন কর্মকর্তার কাছে ফোন আসে। এসময় প্রতারকরা কয়েক জনের কাছে টাকা চায়। আসলে এসব ফোন কল আমার নয়। কেউ যেন এসব প্রতারকের খপ্পরে পড়ে টাকা লেনদেন না করেন সেজন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কারও কাছে এরকম ফোন গেলে তারা যেন আইনের আশ্রয় নেন।’







