গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীসহ সাতজনকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ মে) সারাদিন অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ৩৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে ওই ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি একি অভিযোগে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহিন আলম মৃধাকে ৫ হাজার টাকা এবং ধানের শীষ প্রতীকের নির্বাচনী ক্যাম্পের এক কর্মীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন।
তিনি আরও জানান, কালিয়াকৈর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহ শামসুজ্জোহা দেয়ালে পোস্টার ও বড় ব্যানার টানানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী হাজী নুরুল ইসলামকে ৫ হাজার টাকা, ৪ নং ওয়ার্ড থেকে এক প্রার্থীর পক্ষে একাধিক মাইক ব্যবহার করে পাশের ওয়ার্ডে মাইকিং করার দায়ে কর্মী রানাকে ২ হাজার টাকা, দুইটি মাইক ব্যবহার করে মাইকিং করার অপরাধে সাধারণ কাউন্সির প্রার্থী সাইজুদ্দিন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া গতকাল মঙ্গলবার ২৫নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এক কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।








