ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে কদমতলী-নবাবগঞ্জ সড়কের মুনবেপারীর ঢাল, জিনজিরা-সৈয়দপুর সড়কের জিনজিরা কসাইভিটা, বোরহানীবাগ-ভাংনা সড়কসহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এতে জনগণের চলাচলে বাধা সৃষ্টি হয়। অনেকে আবার খানাখন্দে পড়ে আহত হচ্ছেন। এতে করে এখানকার জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এছাড়া এসব রাস্তায় যানবাহন চলাচল করতে গিয়ে খানাখন্দে পড়ে যায়। এতে করে সেকানে সৃষ্ট হয় দীর্ঘ যানজট। এছাড়া মালবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের চালকদেরও পড়তে হয় চরম বিরম্বনায়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই জায়গাটি খানাখন্দের সৃষ্টি হয়ে বেহাল অবস্থায় পড়ে আছে। এছাড়া ওই জায়গার আশেপাশের শতাধিক বাড়িঘরের পানি রাস্তায় পড়ে জমে থাকে। প্রতিদিনই ওই রাস্তা দিয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যাতায়াত করলেও ওই জায়গার অবস্থা তাদের নজরে না পড়ার কারণে সাধারণ মানুষ বিষ্ময় প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের বেহাল অবস্থা দেখেও তা সমাধানে এখনও এগিয়ে আসছে না।
এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান আলী জানান, ‘কদমতলী-নবাবগঞ্জ সড়কের মনুবেপারীর ঢালের ওই জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ায় তাদের করার কিছুই নেই। তবে জিনজিরা কসাইভিটা ও বোরহানবাগ রাস্তারটির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’








