গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানবোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার সাতাশিয়া পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবীন্দ্র সরদার (৫০), মাধবেন্দ্র সরদার (৪৮) ও বিকাশ মণ্ডল (৪৫)।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার মাহামুদপুর গ্রামে ধান কাটা শেষ করে শ্রমিকরা ট্রাকে তাদের পারিশ্রমিক ভাগের ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। একই উপজেলার সাতাশিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে ট্রাকটি ফেলে দেয়। এতে ট্রাকে থাকা ৩ শ্রমিক ঘটনাস্থলে নিহত এবং অপর ২ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে মর্গে পাঠায়।








