গাজীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী কামাল খান ওরফে কামরুল ইসলাম ওরফে কামু (৪০) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরের ভাদুন এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আমীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কামু টঙ্গীর এরশাদ নগর (পূর্ব আরিচপুর) এলাকার মৃত সিরাজ উদ্দিন খান ওরফে তমিজ উদ্দিন খানের ছেলে।
পরিদর্শক আমীর হোসেন জানান, কালীগঞ্জের উলুখোলা এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে রাত ১০টায় সেখানে অভিযান চালানো হয়। তখন উলুখোলা মসজিদের পাশের রাস্তা থেকে মাদক বিক্রির সময় কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়। কালীগঞ্জ থানায় মামলা দিয়ে আসার পথে মহানগরের ভাদুন এলাকায় পৌঁছলে তার সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সে গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে কামরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পরিদর্শক আমীর হোসেন আরও জানান, কামরুল ইসলাম ওরফে কামুর বিরুদ্ধে গাজীপুর, কালীগঞ্জ, ঢাকার শেরেবাংলা নগর ও নারায়ণগঞ্জ থানায় দুটি হত্যা, ডাকাতির চেষ্টা, চাঁদাবাজি ও মাদক মামলাসহ ১৪টি মামলা রয়েছে।







