দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ১৮:৪৮আপডেট : ১৪ জুন ২০১৮, ১৮:৪৮





দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশ দ্বার দৌলতদিয়া ও পাটুরিয়া নৌঘাটে ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। বৃহস্পতিবার (১৪ জুন) সকাল থেকে এ রুটে ভিড় বাড়তে শুরু করেছে। পাটুরিয়া ঘাটে মানুষের ভিড়ের পাশাপাশা যানজট লক্ষ্য করা যায়। তবে দৌলতদিয়া ঘাটে ভিড় থাকলেও যানজট খুব একটা চোখে পড়েনি।
ঘরমুখো যাত্রী পোশাক শ্রমিক মো. মাসুদ বলেন, ‘পাটুরিয়া ঘাটে যানজট রয়েছে। তবে দৌলতদিয়া ঘাটে কোনও ভোগান্তি নেই। দেখে মনে হচ্ছে, ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাটে এবার সর্বকালের সেরা প্রস্তুতি নেওয়া হয়েছে।’
ঢাকা থেকে ঈদ করতে যশোরে যাচ্ছেন মো. সোহাগ। তিনি বলেন,‘পাটুরিয়া ঘাটের থেকে দৌলতদিয়া ঘাটে ভোগান্তি কম।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক সময়ে দিনে ১৪টি থেকে ১৫টি ফেরি চলাচল করে। ঈদ উপলক্ষে যাহবাহনের বাড়তি চাপ সামলাতে এই নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। এর মধ্যে রো রো (বড়) ফেরি নয়টি, কে-টাইপ (মাঝারি) চারটি ও ইউটিলিটি ফেরি রয়েছে ছয়টি। নদীতে বর্তমানে নাব্যতার সংকট নেই। ফলে ফেরিগুলো পূর্ণ লোড নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারছে। যাত্রাপথে কোনও ফেরি বিকল হলে তাৎক্ষণিকভাবে তা মেরামতের জন্য পাটুরিয়ার ভাসমান কারখানা ‘মধুমতি’ প্রস্তুত রাখা হয়েছে।’
তিনি আরও বলেন,‘ যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে বুধবার (১৩ জুন) থেকে পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য সব ধরনের ট্রাক ও লরি পারাপার বন্ধ রাখা হয়েছে। ঈদের তিন দিন পর পর্যন্ত এসব যান পারাপার বন্ধ রাখা হবে। দৌলতদিয়ায় পাঁচটি ফেরিঘাট সচল রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ও ফেরির যান্ত্রিক ক্রটি দেখা না দিলে, এ রুটে চলাচলকারী যাত্রীরা নির্বিঘ্নে ঈদযাত্রা উপভোগ করতে পারবেন।’
দৌলতদিয়া লঞ্চ ঘাটে দায়িত্বরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. ইউসুফ মোল্লা জানান, দৌলতদিয়া লঞ্চ ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের লঞ্চে ওঠানামায় সহযোগিতা করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীসহ আটজন সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী জানান, ঈদকে ঘিরে লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন ও ভাড়া আদায় ঠেকাতে দৌলতদিয়া ঘাটে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান,ঈদকে ঘিরে চাঁদাবাজ, ছিনতাইকারী, মলম পার্টি ও পকেটমারসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড নির্মূল করতে দৌলতদিয়া ঘাটে পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

/আইএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম