প্রতিবেশীকে ফাঁসানোর জন্য আশুলিয়ায় জামাল নামের এক মাদক ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী তানজিলা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানায়, আশুলিয়ার জামগড়া এলাকার তেতুলতলা মহল্লায় ভাড়া বাড়িতে থেকে জামাল মাদক ব্যবসা করতো। বুধবার (২০ জুন) সন্ধ্যায় সম্রাট নামের এক ব্যক্তি তাকে মাদক ব্যবসা বন্ধ করতে বলেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সম্রাট ও স্থানীয়রা জামালকে লাঞ্ছিত করেন। এরপর জামাল নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশী অন্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় জামালের স্ত্রী তানজিলা বাদী হয়ে প্রতিবেশী আনোয়ার ও নুর নবী নামের দুই ব্যক্তির নামে তার স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, সম্রাট নামের এক ব্যক্তি তার স্বামীকে মাদক ব্যবসার বিষয় নিয়ে লাঞ্ছিত করেছে। এই অপমান সহ্য না করতে পেরে তার স্বামী আত্মহত্যার চেষ্টা করে। তবে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ না দিয়ে প্রতিবেশী দুই ব্যক্তির নামে অভিযোগ দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হয়নি।
এ বিষয়ে নুর নবী ও আনোয়ার বলেন, জামালকে মাঝে মধ্যেই তারা মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার কথা বলতেন। এ কারণে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, জামালের বিরুদ্ধে মাদক ব্যবসার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








