টাঙ্গাইলে আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুন) সকালে সদর উপজেলার চারাবাড়ি এলাকার এসডিএস ফার্মের পতিত জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল মান্নান টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
ওসি সায়েদুর রহমান বলেন, ‘ভোরে মাদক ও মাদক বিক্রির টাকা ভাগবাটোরা করার সময় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির হয়। এসময় মান্নান নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে সকাল সাতটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
নিহত মান্নান এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।








