গোপালগঞ্জে একই পরিবারের ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আটকের সময় তাদের কাছ থেকে প্রায় তিনশো ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো পরিবার প্রধান মান্নান ফকির (৬০), ছেলে শাহিদুল ফকির (৪৫), মেয়ে শারমিন আক্তার ওরফে রেহানা খানম (৪০), ছেলে ওহিদুল ফকির (৩৫), মেয়ে জোসনা খানম (৩০) ও জামাতা আওলাদ হোসেন (৩৫)।
সদর উপজেলার করপাড়া বাসষ্টান্ড সংলগ্ন নদীর পাড়ে মান্নান ফকিরের বাড়ি থেকে তাদের আটক করা হয়। গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের (সার্কেল) নেতৃত্বে গোপালগঞ্জ থানাপুলিশ করপাড়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে একই পরিবারের ৮ জনকে আটক করে। পরে তাদের বসতঘর তল্লাসী করে শারমিন আক্তার ওরফে রেহানা খানমের ভ্যানিটি ব্যাগ থেকে ২শ ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদ করে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মাদক ব্যবসায় জড়িত থাকা ৬ জনকে আটক করে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
আটককৃত শারমিন আক্তার ওরফে রেহানা খানমের বিরুদ্ধে কক্সবাজার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ সানোয়ার হোসেন জানান, আরও মাদক উদ্ধার ও ওই পরিবারের অর্থ-যোগানদাতার সন্ধানে আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।








