সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। শুক্রবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কুরগাও এলাকায় থানা ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম সোহাগ অভিযোগ করে বলেন, শুক্রবার স্থানীয় একটি স্কুলের দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি জানার পর তিনি বিষয়টি মীমাংসা করে দেন। এরই সুত্র ধরে রাত সাড়ে ৮টার দিকে পাথালিয়া ইউনিয়নের তিন নম্ভর ওয়ার্ড সদস্য শফিউল আলম সোহাগ ও তার ভাই থানা ছাত্রলীগের সভাপতি শামীম লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় পাল্টা জবাবে তারাও হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে থানা ছাত্রলীগের সভাপতি শামীম ও তার ভাই ইউপি সদস্য হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, এলাকার একটি স্কুলের শিক্ষার্থীরা ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে। অথচ রাজনৈতিক বিরোধের কারণে তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে।
ওসি আব্দুল আওয়াল বলেন, সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








