রাজবাড়ী সদর উপজেলার একটি স্কুলের তিন ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে তিন স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়। খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আকবর মোল্লার ছেলে রব্বানী মোল্লা, একই গ্রামের আলম মৃধার ছেলে নাজমুল মৃধা ও চাঁদপুর গ্রামের কেছমত শেখের ছেলে হাছান শেখ। এরা তিনজনই বসন্তপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ওই তিন ছাত্রী জানায়, স্কুলে আসা যাওয়ার পথে তিন বখাটে রব্বানী, নাজমুল ও হাছান তাদের প্রায়ই উত্ত্যক্ত করতো। শনিবার (৭ জুলাই) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই বখাটেরা তাদের বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করে। রবিবার (৮ জুলাই) সকালে বখাটেরা আবারও তাদের উত্ত্যক্তের চেষ্টা করে। এ সময় আরেক ছাত্র ওই তিন বখাটেকে উত্ত্যক্ত করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওই ছাত্রকে স্কুলের ক্লাসরুমের মধ্যে মারধর করে। পরে এ ঘটনার বিচার চেয়ে স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
বসন্তপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আদেল উদ্দিন মোল্লা বলেন, ছাত্রীদের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ওই তিন বখাটে ছাত্রকে ক্লাসরুমে আটকে রেখে পুলিশ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে তিন বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়।
পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, বসন্তপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে একই শ্রেণির তিন ছাত্রকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। অভিযুক্ত ছাত্ররা তাদের দোষ স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।








