ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লিটন রানাকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হাফিজ শিকদার। এদিকে বিয়ের প্রলভনে পড়ে ধর্ষণের শিকার ওই নারী লিটনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা করেছেন। বিয়ের দাবিতে ওই নারী গত মঙ্গলবার (১০ জুলাই) যুবলীগ নেতার বাড়িতে গিয়ে উঠেছিলেন।
বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হাফিজ শিকদার জানান, তার কমিটির সহসভাপতি লিটন রানা অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল কি-না সে বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়েছে। তদন্তে লিটনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। বিষয়টি নিয়ে ঘিওর উপজেলা যুবলীগের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার পর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লিটকে বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি পদসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তার এ ধরণের অপরাধের কারণে দলের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে বহিষ্কার আদেশের কপি দলীয় বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে লিটন রানার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন দুই সন্তানের জননী ওই নারী। মঙ্গলবার রাতে তিনি নিজে বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
ঘিওর থানার এসআই আলতাফ হোসেন বলেন, ‘গত মঙ্গলবার ওই নারীকে লিটন রানার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে জবানবন্দিতে তিনি জানিয়েছেন, বিয়ের প্রলভোন দেখিয়ে লিটন বিভিন্ন সময়য়ে তার সঙ্গে শারীরিক মেলামেশা করেছে। এই অভিযোগে ওই নারী বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পালিয়ে থাকায় এখনও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য যুবলীগ নেতা মো. লিটন মিয়ার সঙ্গে ওই নারীর স্বামী কামাল শিকদার মাটির ব্যবসায় জড়িত ছিলেন। যার সুবাদে লিটন ঘন ঘন কামাল শিকদারের বাড়িতে যাওয়া আসা করতো। এক পর্যায়ে কামালের স্ত্রীর সঙ্গে লিটনের ভালবাসার সম্পর্ক গড়ে উঠে।বিয়ের প্রলভন দেখিয়ে যুবলীগ নেতা লিটন ওই নারীর সঙ্গে গড়ে তোলেন শারীরিক সম্পর্ক । ওই নারীর ভাষ্য অনুয়ায়ী তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। যে কারণে গত সোমবার বিয়ের দাবিতে যুবলীগ নেতার বাড়িতে গিয়ে উঠেন তিনি।
ইউনিয়ন সহসভাপতির পাশাপাশি লিটন রানা স্থানীয় ধুলন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি। তার বাড়ি বালিয়াখোড়া ইউনিয়নের ধুলন্ডি গ্রামে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।








