গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোলবাহার শেখ (৩৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাছে উপজেলার দক্ষিণ মৌচাক এলাকার জেনিথ কারখানার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের গোলবাহার সিরাজগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া এলাকার বিশা শেখের ছেলে।
নিহতের মেয়ে সুমি আক্তার জানান, কালিয়াকৈরের কলাবাধা এলাকার সুফিয়ান মেম্বরের বাড়ীতে ভাড়া থাকেন তারা। তার বাবা গোলবাহার ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো শুক্রবার (২০ জুলাই) বিকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। তবে রাতে আর ফেরেন না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনও খোঁজ পান না। শনিবার সকালে স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাছে দক্ষিণ মৌচাক এলাকার জেনিথ কারখানার পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, নিহতের মাথার পেছন ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।








