টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে এবং ভূঞাপুর ও নাগরপুর উপজেলার দুটি ইউনিয়নের দুটি ওয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কালিহাতীর ওই দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একটিতে আওয়ামী লীগ প্রার্থীর জয় এবং অপর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে শুরু করে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ওইদিন রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম।
কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোহরাব আলী (নৌকা) প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তিনি পান ৩ হাজার ৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম শিকদার (আনারস) পান ২ হাজার ৮৭৫ ভোট।
অপরদিকে একই উপজেলার পারখী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পান ৩ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আজিজুর রহমান তালুকদার পান ২ হাজার ৮৪৪ ভোট।
এদিকে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে হিটলার তালুকদার বিজয়ী হয়েছেন। তিনি পান ৬১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামরুল হাসান পান ৫৮৬ ভোট।
নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ৩ নং সংরক্ষিত ওয়ার্ড নির্বাচনে আলেয়া আক্তার জয়লাভ করেছেন। তিনি পান ১৪০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রোকেয়া বেগম পান ৮৮ ভোট।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে ছিলেন।’








