নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত দেড় বছরের শিশু জিহানকে তিন দিন পর সিলেটের শেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ধনকুবরা এলাকার খলিল মিয়া, বরিশাল জেলার সদর থানার বিশারদ এলাকার সোহেল, শেরপুর সদর থানার জাহিদুল ইসলাম ও তার স্ত্রী সুমি বেগম। রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
জিহানের বাবার মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, জাকির হোসেন বরপা বাগানবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে শরীফের বাড়িতে বসবাস করে আসছে। অপহরণকারী খলিল মিয়া একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। গত সোমবার বিকালে অপহরণকারী খলিলসহ তার সহযোগীরা শিশু জিহানকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তারা জিহানের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে জিহানকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। জিহানের বাবা জাকির হোসেনের অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানায় এই ব্যাপারে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধার নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে হবিগঞ্জ, সিলেট ও শেরপুরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সকালে শেরপুর থেকে জিহানকে উদ্ধার করে করা হয়। এ সময় অপহরণকারী চারজনকে আটক করে পুলিশ।








