নরসিংদীতে সেপটিক ট্যাংকে কাজ করতে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।। সোমবার (৬ আগস্ট) দুপুরে নরসিংদী পৌর শহরের বিলাসদী ব্যাংক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজুল ইসলাম (৩২), রাকিব মিয়া (২২) ও রমিজ মিয়া (২৬)। গুরুতর আহত কামাল হোসেন (৪০) নামে একজনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো. শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, এক শ্রমিক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজ করতে নামেন। পরে তার কোনও সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে পর্যায়ক্রমে আরও ২ জন ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। এরপর তাদের খোঁজ করতে কামাল হোসেন নামের একজন ট্যাংকিতে নামতে গিয়ে বিষাক্ত গ্যাসে পুরোপুরি আক্রান্ত হওয়ার আগেই উপরে উঠে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা খবর দিলে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করেন। তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।








