গাজীপুরের শ্রীপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক ইউনুস আলী সরকারকে (৫৪) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। ছাত্রীর মায়ের লিখিত অভিযোগে মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ইউনুস আলী পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার হাজী আব্দুল হাই মডেল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
অভিযুক্ত ইউনুস গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি পাশের গিলারচালা গ্রামের শফিকের বাড়িতে ভাড়া থেকে ওই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাজী আব্দুল হাই মডেল স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটি শেষে সোমবার বিকালে শিক্ষক ইউনুসের কাছে কোচিং করতে যায়। এসময় অন্যান্য শিক্ষার্থীরা আসতে দেরি হওয়ায় ওই শিক্ষক তাকে যৌন হয়রানি করে। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে শিক্ষক ইউনুস সেখান থেকে চলে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা মঙ্গলবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।








