জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত এক স্কুলছাত্রকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত স্কুলছাত্রের নাম দেবব্রত হালদার (১২)। সে কোটালীপাড়া উপজেলার তারাকান্দ গ্রামের শিক্ষক বিমল চন্দ্র হালদারের ছেলে। দেবব্রত হালদার কান্দি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
আহত দেবব্রতের বাবা বিমল চন্দ্র হালদার জানান, তাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ‘আমার প্রতিবেশী দুলাল হালদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে গত সোমবার দুলালের দুই ছেলে দীপঙ্কর ও শুভঙ্কর আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতে হামলা চালায়। তাদের হামলায় আমার ছেলে দেবব্রত গুরুতর আহত হয়। সে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য সরেজমিন দুলাল হালদারের বাড়িতে গিয়ে তাকে বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।








