নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রাকের ধাক্কায় শেফালী বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ডাকবাংলোর পাশে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিকে একটি স্কুলের দুই শিক্ষার্থী আটক করে পুলিশে সোর্পদ করেছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শেফালী বেগম নগরীর দক্ষিণ মাসদাইর এলাকার মো. জালাল উদ্দিন দেওয়ানের স্ত্রী।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো.মজিবুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে শেফালী বেগম তার অসুস্থ স্বামী মো. জালাল উদ্দিন দেওয়ানকে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় করে নগরীর খানপুরে তশ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। চাষাঢ়া ডাকবাংলা এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার পাশাপাশি চলার সময় ট্রাকের ধাক্কায় শেফালী বেগম ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে আশপাশের লোকজন উদ্ধার করে নগরীর খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় কমর আলী স্কুলের দুই শিক্ষার্থী ট্রাকটিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
পরিদর্শক মজিবুর রহমান আরও জানান, ট্রাকসহ চালক নুরুল ইসলামকে আটক করা হয়েছে। চালক নুরুল ইসলাম কেরানীগঞ্জের আব্দুল মজিদের ছেলে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








