সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোবারক হোসেন (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোবারক পিরোজপুর ইউনিয়নের প্রতাবেরচর গ্রামের হাজী ইয়াছিন মিয়ার ছেলে।
ওসি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ব্রিজের পশ্চিমপার্শে ১০-১২ জনের একদল ডাকাত মহোসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মোবারক ও বাবু ওরফে টেরা বাবুসহ আরও ৭ ডাকাতকে আটক করা হয়। ডাকাতদের সঙ্গে গোলাগুলির সময় পুলিশের এএসআই নারায়ণ চন্দ্র দাস ও পুলিশ কনস্টেবল মুমিনুর আহত হয়। আহত পুলিশ সদস্য ও ডাকাতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত মোবারক মারা যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।








