মাদক বিরোধী অভিযান চলাকালে গোপালগঞ্জে প্রকাশ্যে হয়তো মাদক বিক্রি বন্ধ ছিল। কিন্তু, তাই বলে মাদক সেবীরা মাদক পায়নি বা মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করেনি তা কিন্তু নয়। দুটোই চলছে। তবে আড়ালে আবডালে এবং কিছুটা বেশি দামে।
মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের খাতায় যাদের মাদক ব্যবসায়ী হিসাবে নাম উঠেছে তারা কিছু দিনের জন্য গা ঢাকা দিয়েছিল। এখন তারা আবারও প্রকাশ্যে আসতে শুরু করেছে। ব্যবসার ধরন পাল্টেছে। মূল সড়কে না গিয়ে শহরের অলিগলিতে মোবাইল ফোন ব্যবহার করে মাদক বিক্রি করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।
পুলিশের কারণে মাদক ব্যবসা করা যাচ্ছে না। এ অযুহাতে এরমধ্যে মাদকের দামও নাকি বাড়িয়েছে মাদক ব্যবসায়ীরা। নাম প্রকাশ না করার শর্তে এক মাদক সেবী বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছে। ওই মাদক সেবী জানায়, তারা অনেক সময় শহর থেকে কিছুটা দূরে গিয়ে মাদক নিয়ে আসছে। কখনো কখনো রিকশা চালকদের মাধ্যমে তাদের হাতে কাঙ্ক্ষিত মাদক চলে আসছে। তবে আগের থেকে বেশি দামে। যেহেতু তারা এরইমধ্যে নেশাগ্রস্ত হয়ে পড়েছে তাই দাম বেশি হলেও তা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে হচ্ছে।
গোপালগঞ্জ জেলা পুলিশ সূত্র মতে মাদক বিরোধী অভিযান শুরু হলে (১ মে থেকে ২০ আগস্ট) গোপালগঞ্জ জেলার ৫ উপজেলা থেকে ৪৬৮ জন মাদক ব্যবসায়ী ও সেবককে গ্রেফতার করা হয়। আর ৪৩৩ টি মামলা হয়।
এর মধ্যে গোপালগঞ্জ সদর থানায় ১৫৭টি মাদক মামলায় ১৭৮ জন গ্রেফতার হয়েছে, কোটালীপাড়ায় ৪৯টি মাদক মামলায় গ্রেফতার হয় ৬২ জন, টুঙ্গিপাড়ায় ২৩টি মাদক মামলায় গ্রেফতার হয় ৩৫ জন, মুকসুদপুরে ৮১ টি মাদকের মামলায় গ্রেফতার হয় ৮৫ জন এবং কাশিয়ানী থানায় ৮৩ টি মাদকের মামলায় ১০৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চলাকালে ৯ হাজার ৪৭৬ পিস ইয়ারা, প্রায় ১০ কেজি গাঁজা, ফেনিডিল ১৩২ বোতল ও ১ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। তবে জেলার মুকসুদপুর ও কাশিয়ানী থানা থেকে মাদক উদ্ধারের কোনও এ তথ্যটি পাওয়া যায়নি।
কাশিয়ানী থানার অফিসার-ইন-চার্জ (ওসি)মো.আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আমারা কোনও মাদক ব্যবসায়ীকে এলাকায় ঢুকতে দেবো না। তাদের যেখানেই পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতার করে আইনের হাতে সোপোর্দ করা হবে।
কোটালীপাড়া থানার অফিসার-ইন-চার্জ (ওসি)জানান, আমার এলাকার ৯০ ভাগ মাদক ব্যবসা বন্ধ করে দিয়েছি। আমি যতদিন এখানে কর্মরত থাকবো ততদিন মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবো।
গোপালগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন-এর সঙ্গে কথা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমাদের মাদক বিরোধী অভিযান এখনো চলমান রয়েছে। এটা সত্য যে মাদক বিরোধী অভিযান চলায় মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়ছিল। তার মানে এই নয় যে, মাদক ব্যবসা একেবারে নির্মূল হয়ে গেছে। তবে যারা এখনো মাদক ব্যবসা করেন বা আগামীতে যদি কেউ এ পথে যাওয়ার চেষ্টা করে তা’হলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।








