কালিয়াকৈরে ‘মুচি’ জসীমের মরদেহ দাফন করতে দেয়নি এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৬

মুচি জসীমের দাফন নিয়ে হট্টগোলের মধ্যে জনতার ভিড় গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর নেতারটেক বন এলাকা থেকে উদ্ধার হওয়া জসীম উদ্দিন ইকবাল ওরফে মুচি জসীমের মরদেহ কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় দাফন করতে দেয়নি এলাকাবাসী।

পরে শুক্রবার রাত ১১টার দিকে জসীমের নিজ গ্রাম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় তাকে দাফন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় গিয়ে দেখা যায়, একটি অ্যাম্বুলেন্সে করে তার বাড়ির সামনে নিহত জসীমের মরদেহ রাখা হয়েছে। এলাকার লোকজন তার মরদেহ দেখতে আসেন। জসীমকে দাফনের জন্য স্থানীয় চান্দরা নতুনপাড়া রাশিদা জামে মসজিদের সামনে কবর খনন করা হয়। ওই রাত ৯টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে জানাজার সময় ঘনিয়ে আসতে থাকলে এলাকাবাসী মসজিদের সামনে জড়ো হয়ে জসীমের লাশ ওই এলাকায় দাফন করতে বাধা দেয় বলে জানান নিহত জসীমের ভাতিজা সোহাগ।

এসময় স্থানীয়দের সঙ্গে ফোর্স নিয়ে কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজাহারুল ইসলামও যোগ দেন বলে অভিযোগ করেন তিনি।

পরে জসীমের মরদেহ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা সদরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় পৌর যুবলীগের নেতা সুমন রানা বলেন, যে ব্যক্তি মানুষকে দীর্ঘদিন নানাভাবে হয়রানি করেছে, সরকারের বন বিভাগের সম্পত্তি জবরদখল এবং বিক্রি করেছে এমন লোকের জানাজা ও দাফন চান্দরা এলাকায় আমরা হতে দিবো না এবং দিইনি।

মুচি জসীমের স্বজনদের আহাজারি এদিকে নিহত জসীমের স্ত্রী হ্যাপী আক্তার ছায়া অভিযোগ করেছেন, 'বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম ও গাজীপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই রেজাউল করিম জসীমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।'

তিনি আরও জানান, এসআই রেজাউল করিম গাজীপুর জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যান জসীমকে। ওই রাত ১১টার দিকে এসআই সাইফুল ইসলামের সঙ্গে হ্যাপী আক্তারের দুইবার ফোনে কথা হয়। তিনি তার স্বামীর সঙ্গে একবার কথা বলার অনুরোধ করেও কথা বলতে পারেননি। পরদিন ৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে জনৈক বাচ্চু মিয়া তাকে খবর দেন তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে।

তবে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জসীমকে গ্রেফতারের অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘মুচি জসীমকে তিনি চিনতেন। কিন্তু তাকে গ্রেফতার করতে তার বাড়িতে যাননি বা তাকে তিনি গ্রেফতার করেননি। যেহেতু গ্রেফতারের খবরটি সঠিক নয় সেহেতু ডিবি পুলিশের এসআই রেজাউল তার সঙ্গে থাকার প্রশ্নই আসে না।’

চান্দরা এলাকার বাবুর্চি আজাহার হোসেন জানান, গত প্রায় ১৫/১৬ বছর আগে জসীম উদ্দিন ইকবাল চান্দুরা এলাকায় আসেন। স্থানীয় একটি জুতা কারখানায় শ্রমিকের কাজে যোগদান করেন। এক পর্যায়ে চাকরি ছেড়ে নিজেই জুতা তৈরি করে কারখানাগুলোতে সরবরাহ করা শুরু করেন জসীম। ২০১৫ সালে রফিকুল ইসলাম নামে কালিয়াকৈর উপজেলা যুবলীগের এক নেতা হত্যার শিকার হন। ওই মামলার তদন্তকাজ চলার সময় পুলিশের সঙ্গে মুচি জসীমের সখ্যতা গড়ে উঠে। পুলিশকে নানাভাবে তথ্য দিয়ে ওই হত্যা মামলার কয়েকজন অভিযুক্তকে তিনি ধরিয়ে দেন। এক পর্যায়ে ওই মামলার ভয় দেখিয়ে এলাকার নিরীহ মানুষকে পুলিশের হাতে ধরিয়ে দেন জসীম। পরে নিরীহরা অর্থের বিনিময়ে পুলিশের কাছ থেকে মুক্তি পান। ওই টাকার ভাগ পেতেন জসীম। এভাবেই মুচি জসীম বিত্ত বৈভব গড়ে তুলতে শুরু করেন।

মুচি জসীমের মরদেহ দাফন নিয়ে হট্টগোলের মধ্যে এলাকাবাসীর ভিড় এলাকাবাসীর অভিযোগ, পুলিশের সঙ্গে সখ্যতার এক পর্যায়ে গাজীপুর জেলা পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে জসীমের ভালো সম্পর্ক হয়। শুরু হয় বনের জায়গা দখলের প্রক্রিয়া। বনের জায়গায় ঘর তৈরি করে জসীম তার আত্মীয় স্বজনকে সেগুলো দেখভাল করার দায়িত্ব দেন। বনের জায়গা দখলে রাখার স্বার্থে সেখানে জসীম উদ্দিন ‘চান্দরা নতুনপাড়া জামে মসজিদ’ নামে একটি মসজিদ তৈরি করেন।ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুরের সাবেক এসপি হারুনুর রশীদ। আর মসজিদটি উদ্বোধন করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। আর মসজিদ স্থাপনের সুযোগ নিয়ে গত দেড় বছরে বনের কমপক্ষে পাঁচ একর জায়গা জবর দখল করেন মুচি জসীম।

এলাকাবাসী বলেন, পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সখ্যতার কারণে তার কোনও কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারেনি এলাকাবাসী। যে প্রতিবাদ করতে গেছে সেই পুলিশি হয়রানির শিকার হয়েছে। গত দেড় বছরে বনের কমপক্ষে পাঁচ একর জায়গা জবর দখল করে নিয়েছেন মুচি জসীম।

কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজাহারুল ইসলাম জানান, মুচি জসীম নানাভাবে প্রভাব খাটিয়ে বনের জায়গা দখল করেন। তাকে বাধা দিয়ে ব্যর্থ হয়ে তার নামে কমপক্ষে ১৮টি বন মামলা দেওয়া হয়েছে। তারপরও তাকে রুখতে পারিনি। তার দখলে থাকা বন বিভাগের জমি উদ্ধারে বন বিভাগ তৎপর রয়েছে।

 

/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম