ধামরাইয়ে স্কুল থেকে ডেকে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই স্কুল ছাত্রীর বাবা ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে সোমবার দুপুরে ধামরাই পৌর এলাকার পাঠানটোলা মহল্লার মুনের বাড়ির ৩য় তলার চিলিকোঠায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
নির্যাতিতার পরিবারে অভিযোগ, স্কুল ছাত্রী ধামরাই পৌর এলাকায় পরিবারের সঙ্গে থাকে এবং স্থানীয় কুমরাইল মহল্লার একটি স্কুলে পড়ে। সোমবার দুপুরের দিকে আলামিন হোসেন (২৫) নামে পূর্ব পরিচিত এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। পরে মিথ্য কথা বলে তাকে পাশের পাঠানটোলা মহল্লার মুনের বাড়ির ছাদে নিয়ে যায়। এসময় ওই ছাদের চিলিকোঠায় আগে থেকেই উৎ পেতে থাকা নিলয় হোসেনসহ (২২) অজ্ঞাতনামা দুই যুবক স্কুল ছাত্রীর মুখ বেঁধে পালাক্রমে তার ওপর নির্যাতন চালায়। পরে স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। নির্যাতিত ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।








