নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। প্রার্থী ১৪ দল বা মহাজোটের হোক আমারা নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠ এলাকায় নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ নির্মাণের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে। বঙ্গবন্ধুর আটক করা জেলখানা থেকে ১১ হাজার যুদ্ধাপরাধীকে মুক্ত করে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছে। এখন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে নানা ষড়যন্ত্র করেছেন।’
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ২০১৩, ১৪ ও ১৫ সালে আগুন সন্ত্রাস এবং বোমাবাজি করে অসংখ্য মানুষ হত্যা করে শেখ হসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল। দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে খালেদা জিয়া ক্ষমতায় আসতে চেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের হাতে কী মানুষ নিরাপদ। কারণ বিএনপি-জামায়াতের হাতে মানুষ নিরাপদ নয়। যে কারণে আল্লার গজব নেমেছে বিএনপির ওপর। এতিমের টাকা মেরে খাওয়ার কারণে খালেদা জিয়া আজ জেলে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে ওয়ান ইলেভেনের সরকার। মঈনউদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন এরা কারা? এই তিন উদ্দিনই বিএনপির লোক। তাদের দেওয়া মামলাতেই খালেদা জিয়া জেলে।’
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নদীর উন্নয়নে কাজ করছে। গত ৯ বছরে ২ হাজার কিলোমিটার নদী খনন করা হয়েছে। নদী খনের জন্য ২৪টি ড্রেজার ক্রয় করা হয়েছে। নদীর দখল রোধে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আরও ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের টেন্ডার আহ্বান সম্পন্ন হয়েছে। অচিরেই ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু হবে।
নারায়ণগঞ্জ ও বন্দরের মাঝে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ কে এম সেলিম ওসমান, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত সচিব ভোলানাথ দে, বিআইডব্লিউটিএ অফিসাস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়াসহ অনেকে।








