ঢাকাগামী টঙ্গী-ভৈরব রেলসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারী (৪৫) ও এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (১৫ সেপ্টেম্বর) পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, ধারণা করা হচ্ছে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এবং ট্রেনের ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
তিনি জানান, শনিবার আড়িখোলা রেল স্টেশন সংলগ্ন পূর্ব আউটার সিগন্যালের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা ফুল হাতা শার্ট। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে পূবাইল বসুগাঁও এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত হয়েছেন। ঢাকাগামী রেলসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।








