গাজীপুরের কাপাসিয়া থেকে হাবিবুর রহমান হবি (৪৫) নামে এক শিশু নির্যাতনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি কাপাসিয়ার বেয়ায়দুয়ার গ্রামের আরব আলীর ছেলে। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
নির্যাতনের শিকার শিশুর পরিবারের কাছ থেকে জানা যায়, ওই শিশু তার নানার বাড়িতে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মোবাইল ফোনে চার্জ দিতে প্রতিবেশী হাবিবুর রহমানের বাড়ি যায়। এ সময় সে মোবাইল ফোনে চার্জে দিয়ে হাবিবুরের সঙ্গে বসে টিভি দেখছিল। তখন বাড়িতে আর কেউ ছিল না। একপর্যায়ে হাবিবুর ওই শিশুর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে হাবিবুর রহমান তাকে ছেড়ে পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী ও শিশুর স্বজনরা গিয়ে হাবিবুরকে আটক করে পুলিশে দেয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ‘শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে এলাকাবাসী হাবিবুর রহমান হবিকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুর নানা সাখাওয়াত হোসেন সাকু বাদী হয়ে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেন।








