নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী মোনালিসা আক্তার হত্যা মামলার আসামি আবু সাঈদের (২২) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সাঈদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) মাধ্যমে দুবাই থেকে রবিবার দুপুরে দেশে ফিরিয়ে আনা হয়। পরে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার আবু সাঈদ ফতুল্লার পশ্চিম দেওভোগ বড় আমবাগান এলাকার ইকবাল হোসেনের ছেলে। নিহত মোনালিসা আক্তার স্থানীয় ব্যবসায়ী শাহীন বেপারির মেয়ে। সে হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
কোর্ট পুলিশের এসআই হানিফ মিয়া জানান, আদালত জিজ্ঞাসাবাদের জন্য সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, গত ১৭ সেপ্টেম্বর ইন্টারপোলের মাধ্যমে আসামি আবু সাঈদকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই থেকে গ্রেফতার করা হয়। পরে সব প্রক্রিয়া শেষে রবিবার (২৩ সেপ্টেম্বর) তাকে দেশে নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে আবু সাঈদ বিয়ে করার জন্য দুবাই থেকে বাংলাদেশে আসেন। পরে সাঈদের পরিবার পাশের বাড়ির মোনালিসার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের বয়স অল্প হওয়ায় সাঈদের প্রস্তাবে মোনালিসার পরিবার রাজি হয়নি। পরে সাঈদ পাশের এলাকার ইভা নামে এক মেয়েকে বিয়ে করে। গত ২ ফেব্রুয়ারি সাঈদ মোনালিসাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে। পরে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়। এই ঘটনার পরপরই আবু সাঈদ দুবাই পালিয়ে যায়। পরবর্তীতে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মোনালিসার বাবা শাহীন বেপারি বাদী হয়ে আবু সাঈদকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।








