টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় মাঝিসহ পাঁচ যাত্রীকে মারধর করেছে এবং অস্ত্র দেখিয়ে চারটি ট্যাব ও নগদ প্রায় তিন লাখ টাকা নিয়ে গেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদের হামলায় বেসরকারি সংস্থা আশা’র কুঠিবয়ড়া শাখার মাঠকর্মী ফারুক হোসেন, নাজিম উদ্দিন, নুরুল ইসলাম, মামুন ও তাদের বহনকারী নৌকার মাঝি কবির হোসেন গুরুত্বর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশা’র ভূঞাপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ইসমাইল হোসেন জানান, ভূঞাপুরের রাজাপুর এলাকায় মাঝ নদীতে ডাকাত দল আমাদের বহনকারী কর্মীদের নৌকাতে হামলা করে। এসময় চার কর্মী ও নৌকার মাঝিকে বেধড়ক মারপিট করে ডাকাতরা। অস্ত্র দেখিয়ে মৃত্যুর হুমকি দিয়ে চারটি ট্যাব ও নগদ প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়া হবে।’
ওসি মো. আব্দুছ ছালাম মিয়া বলেন, ‘ঘটনাটি শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।’
স্থানীয়দের অভিযোগ– সম্প্রতি যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। নদীতে জোরদার পুলিশি টহল না থাকায় ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যাচ্ছে।








