নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা মদীনাবাগ এলাকায় প্রায় এক হাজার ছয়শ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিঅ্যান্ডডি) কর্তৃপক্ষ। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিতাসের নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান চালায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের (টিঅ্যান্ডডি)নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল কবিরের নেতৃত্বে উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার, উপ-সহকারী প্রৌকশলী আজিজুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ।
উপ-ব্যবস্থাপক আব্দুল কবির জানান, ‘সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা মদীনাবাগ এলাকায় সাঈদ ও উজ্জল নামের অসাধু দুই ব্যক্তি তিতাস কর্তৃপক্ষকে না জানিয়ে অবৈধ ভাবে এক ইঞ্চি পাইপের ষোলশ ফুট গ্যাস সংযোগ স্থাপন করে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে আমরা অবৈধ সংযোগের পাইপ বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে গ্যাস আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।’








