পদ্মা সেতু নিজেদের টাকায় হচ্ছে, এজন্য কারো কাছে হাত পাততে হয়নি। বাংলাদেশ আগে গরিব দেশ ছিলো, এখন উন্নত দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার সকালে মাদারীপুরের আচমত আলী খান উচ্চ বিদ্যালয়ে কবি ‘গোলাম রব্বানী’র কবিতার বইয়ের মোড়ক উম্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে এখন বিদ্যুতের কোনও ঘাটতি নেই দাবি করেন শাজাহান খান বলেন, ‘কোথায়ও লোডশেডিং নেই। খালেদা জিয়ার সময় মানুষ বিদ্যুতের কষ্টে থাকলেও এখন মানুষ খুব আরামে আছে। সেই সময় বিদ্যুতের উৎপাদন ৩ হাজার ১শ’ মেগাওয়াট ছিল। আর বর্তমান সরকার সাড়ে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
নৌমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার আমলে ৩০ লাখ মেট্টিক টন খাদ্য ঘাটতি ছিল, শেখ হাসিনা সরকারের আমলে সেই খাদ্য ঘাটতি পূরণ হয়ে আরও ২৫ লাখ মেট্টিন খাদ্যে উদ্বৃত্ত থাকছে। এছাড়া বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছে শেখ হাসিনার সরকার। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। এজন্য শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
আচমত আলী খান উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারেক আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের সদস্য ফারুক খান, দুধখালী ইউয়িনের চেয়ারম্যান মিজানুর রহমান হিরু খানসহ অন্যরা।








