আলেম জনতার ঐক্য গড়ার লক্ষ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। রবিবার মাদারীপুরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে বাংলাদেশ জমিয়তুল উলামার পথযাত্রার তিনি একথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে পথযাত্রার এই কর্মসূচি নিয়ে তারা যেখানে গিয়েছেন সেখানেই ব্যাপক সাড়া পেয়েছেন। নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির মানুষ জমিয়তুল উলামার এই প্রচারে সমর্থন জানিয়ে। বিভক্ত তাবলীগ-জামাতের মধ্যে ঐক্য সৃষ্টিতেও তারা বদ্ধ পরিকর।
যশোর থেকে শুরু হওয়া এই সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই পথযাত্রার অংশ হিসেবে খুলনার হাদিস পার্ক থেকে জনসভা শেষে রবিবার (৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় পথসভা এবং দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় জনসভায় অংশগ্রহণ করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এরপর বিকালে ৬০টি গাড়িবহর নিয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট এসে পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন। পরে সন্ধ্যার দিকে ফেরিতে করে মুন্সীগঞ্জের দিকে যান। সেখান কুচিয়ামোড়া কলেজ মাঠে জনসভা রয়েছে।







