সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় নারী জাতিকে হেয় প্রতিপন্ন করাসহ মানহানির অভিযোগে রাজবাড়ীতে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা হয়েছে। বুধবার সকালে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মোছা.সালেহা বেগম।
রাজবাড়ীর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী মোছা.সালেহা বেগম বলেন,‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে সাংবাদিক মাসুদা ভাট্টিকে প্রকাশ্যে চরিত্রহীন বলায় নারী জাতিকে হেয় প্রতিপন্ন করাসহ সমগ্র নারী জাতির মানহানি হয়েছে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে তার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি।’
রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সফিকুল আজম মামুন জানান, ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মোছা. সালেহা বেগম কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। রাজবাড়ীর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।








