রাজবাড়ী জেলার পাংশা উপজেলা থেকে অজ্ঞাত (২৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শিয়ালডাঙ্গী এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম জানান, ওই আবুল মহাজনের পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় উদ্ধার ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।








